সব ঘটনার ওপর নজর, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রশ্নে জয়সওয়াল
- আপডেট সময় : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক বর্ণনা করে বলেছেন, এ চুক্তি যদি বিস্তৃত হয়— এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কারও— অন্যদের উদ্বেগের অবকাশ নেই।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্যাক্টকে (মক্কা চুক্তি) আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ওই সাংবাদিক ভারতের ভাবনা জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’
ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি দুটি পরিবার আক্রান্ত ও পরিবারের সদস্যরা নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে কি না এবং বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কি না— জানতে চান ওই সাংবাদিক।
জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তাদের সেই দায়িত্ব পালন করা উচিত।



















