রেকর্ড দাবদাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ১৬ জনের প্রাণহানি
- আপডেট সময় : ১০:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
রেকর্ড তাপপ্রবাহে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে প্রেসিডেন্ট লি জে মিয়ুং বলেছেন, চরম আবহাওয়া এখন আর ব্যতিক্রম নয়; এটি ক্রমেই স্বাভাবিক বাস্তবতায় পরিণত হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
ইউরোপে দাবদাহ: বাড়ছে মৃত্যু, ভাঙছে তাপমাত্রার রেকর্ড
লি বলেন, চরম আবহাওয়া যেহেতু এখন নিয়মিত ঘটছে, তাই জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় মৌলিক সংস্কার আনা প্রয়োজন। একই সঙ্গে জনগণের দৈনন্দিন জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের বুসানের কাছের ইয়াংসান শহরে রোববার সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১২২ বছরের আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
তাপপ্রবাহের তীব্রতা বাড়তে থাকায় সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ এবং পার্শ্ববর্তী গিয়েওনগি অঞ্চলে দাবদাহের সতর্কতা জারি করা হয়। মঙ্গলবার সেই সতর্কতা পুরো সিউলজুড়ে সম্প্রসারণ করা হয়েছে।



















