জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল
- আপডেট সময় : ০৬:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্য দিয়ে ইউএনজিএ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বাংলাদেশও চার দশক পর জাতিসংঘের সম্মানজনক এই পদে আসীন হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় দুপুরে খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন অধিবেশন শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে আগে তিনি ৮১তম অধিবেশন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
খলিলুর রহমান গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি ৯৯ ভোট পেয়ে পরাজিত করেন প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে।
এর মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের চার দশকের অপেক্ষার অবসান ঘটল। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।



















