সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর
- আপডেট সময় : ০৪:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় সৌদি আরবের এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তার জেলার ১৩ জন নিহতের খবর জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের সবাই বাংলাদেশি।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার এক বার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং এই অপূরণীয় ক্ষতি ও শোকের মুহূর্তে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে। উদ্ভূত পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে রোববার (৯ আগস্ট) রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত সোফা তৈরির ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। ফায়ার সার্ভিস জানায়, লাশগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্তকরণ জটিল হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়িই নওগাঁ জেলায়। প্রাথমিক তথ্য অনুযায়ী তাঁদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার ও রুবেল; বিশা এলাকার সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।



















