বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
বর্তমান বিরোধী দলের নেতাদের বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, এখন বিরোধী নেতারা যেভাবে বলছেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেব না’, অতীতে একই ধরনের বক্তব্য আওয়ামী লীগের নেতৃত্ব থেকেও শোনা যেত।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালেও আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছিল। তার দাবি, বর্তমান বিরোধী নেতাদের বক্তব্যেও একই ধরনের রাজনৈতিক ভাষা ও অবস্থান দেখা যাচ্ছে।
জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি সনদ বাস্তবায়নের বিরোধী নয়। বরং সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ঐকমত্য কমিশনের গণভোট-সংক্রান্ত একটি প্রশ্নে বিএনপির আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, বিষয়টি জাতির সঙ্গে প্রতারণার শামিল এবং যেখানে দল একমত নয়, সেখানে তারা স্পষ্ট অবস্থান জানিয়েছে।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাত বা সহিংসতার দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জনগণের কল্যাণে কাজ করছেন। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে শুধু নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। দেশের স্বার্থে সংঘাতের পরিবর্তে সহনশীলতা ও জাতীয় ঐক্যের চর্চা প্রয়োজন।
গণমাধ্যম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। একইসঙ্গে তিনি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান।




















