অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে ৭০ বিদেশি নাগরিক আটক
- আপডেট সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই ভবনে অভিযান চালানো হয়। দুপুরের দিকে অভিযান শুরু করে চলে মধ্যরাত পর্যন্ত।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের নাগরিক। পুলিশ বলছে, তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। কী ধরনের অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে তারা জড়িত, সেগুলোও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ল্যাপটপ-মোবাইলসহ ১৭০টি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আমরা সব তথ্য যাচাই-বাছাই করছি। ঢাকা থেকেও বিশেষজ্ঞরা আসবেন। পরে বিস্তারিত জানানো হবে।
এক সপ্তাহ আগেই গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার জড়িত ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে পাঁচজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক। তাদের কাছে পাওয়া যায় এক হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, সাইবার সুরক্ষা আইনে মামলা করে ওই ছয়জনকে আদালতে উপস্থাপন করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



















