মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৬:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এ দিন এক অভিনন্দনবার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’ মির্জা ফখরুল সফলভাবে তার মেয়াদ পূর্ণ করবেন বলেও আস্থা প্রকাশ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, মানুষের জন্য কাজ করা ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তার সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্ব। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।




















