আগস্টজুড়ে নিষিদ্ধ আ.লীগের তৎপরতার শঙ্কা, সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা আগস্টজুড়ে পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে পাওয়া পরিত্যক্ত ব্যাগে কোনো বিস্ফোরক মেলেনি। তবে সন্দেহজনক ঘটনাগুলোর তদন্ত চলছে।
রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দলীয় প্রভাবমুক্ত পুলিশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সাম্প্রতিক ‘বোমা আতঙ্ক’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও সন্দেহজনক বস্তু বা পরিত্যক্ত ব্যাগ দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।
তবে আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান অনুযায়ী, আনুপাতিক ও তুলনামূলক বিচারে দেশে নাশকতা ও এ ধরনের অপরাধের হার অনেক কমেছে। তাঁর ভাষায়, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।




















