সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি
- আপডেট সময় : ০৫:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আবেদন করেন। আজ সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানা গেছে।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।
এর আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সেদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর মধ্যে ডনের পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন করা হয়। গত ১২ আগস্ট তার সে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
ঢাকার ইস্কাটনের বাসায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান নায়ক সালমান শাহ। ওই সময় বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছিল। পরে এ ঘটনায় হত্যা মামলা হয়।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।



















