যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ
- আপডেট সময় : ০৬:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, ত্রুটি মেরামত করে ইউনিটটি আবার চালু করতে এক দিন সময় লাগতে পারে।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে দ্রুত ইউনিটটি চালুর চেষ্টা চলছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে আজ ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
কেন্দ্রের বাকি দুই ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটি উৎপাদনে রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।



















