ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সফরের গোপনীয়তায় দু’দেশ
- আপডেট সময় : ০১:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন ও তার প্রতিনিধি দলের সদস্যরা। তবে তাদের এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সরকারি সূত্রটি জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই ‘র’ প্রধানের এই সফর। ঢাকায় অবস্থানকালে তিনি ও তাঁর সফরসঙ্গীরা একটি হোটেলে থাকবেন।
পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলে জানা গেছে।



















