একই উপজেলার সব ইউনিয়নের ভোট হবে একসঙ্গে: ইসি সচিব
- আপডেট সময় : ০২:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। অর্থাৎ, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়ন পরিষদে একই সময়ে ভোটগ্রহণ করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’
আখতার আহমেদ বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে ভোট নিয়ে বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়া হবে। তবে পুরো ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত কমিশন নেবে বলেও জানান ইসি সচিব।
এর আগে সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে একটি বৈঠক করেন ইসি সচিব। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইউপি নির্বাচন নিয়ে এসব তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। এরই মধ্যে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও চলছে। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পূজা, পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।



















