ছিনতাইকারীর হ্যাঁচকা টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগানসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। গাবতলীতে বাস থেকে নেমে স্বামীর সঙ্গে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে খেজুর বাগানসংলগ্ন সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।
ওসি মনিরুল বলেন, ‘একটি বাইকে দুইজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত বাইক ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।




















