উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ জাপা মহাসচিবের
- আপডেট সময় : ১০:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাঁর সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনাও সিঙ্গাপুর গেছেন।
আজ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এবিএম রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদ্যন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, তাঁর সহধর্মিণী বেগম নাসরিন জাহান রতনা দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।
দুজনেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (NUH)-এ চিকিৎসা নেবেন।
সিঙ্গাপুর সফরে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন, সানাম, ফয়সাল কাদের ও আয়মান। এছাড়া ব্যক্তিগত সহকারী মো. ইউনুছ হাওলাদারও তাঁদের সঙ্গে রয়েছেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।




















