দুদকে নতুন ডিজি নাজমুল
- আপডেট সময় : ০৮:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
তাকে নিয়োগ দিয়ে রোববার (৩০ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা। প্রজ্ঞাপনে সই করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৭ আগস্ট দুদক চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। একই সঙ্গে জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
এর মধ্য দিয়ে ১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পায় দুদক। দুদকের আগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ গত ৩ মার্চ পদত্যাগ করলে ৪ মার্চ থেকে নেতৃত্বশূন্য ছিল এই সংস্থাটি।















