শেখ হাসিনার সঙ্গে লাইভে, মাগুরায় সাকিবের বাড়িতে হামলা
- আপডেট সময় : ০৪:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। সাকিবের পরিবারের সদস্যরা ওই বাড়িতে ছিলেন না।
হামলার কয়েক ঘণ্টা আগেই সাকিব ভারতের রাজধানী নয়াদিল্লির এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ওই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন।
বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের পৈত্রিক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিল্লির ওই অনুষ্ঠানটি সাকিবের ফেসবুক পেজ থেকে অনলাইনে সরাসরি সম্প্রচার শুরু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। সেখান থেকে পুলিশও সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা সরকারের আমলে ২০২৪ সালে অনুষ্ঠিত সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন তরুণ সাকিবের বাড়ির সামনে জড়ো হয়ে বাড়িতে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় কয়েকটি বোমার শব্দ পাওয়া যায়। বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। তরুণরা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ঢিলে বাড়ির কয়েকটি জানালা ভেঙে গেছে।
স্থানীয়রা বলছেন, বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে এক অনলাইন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সাকিব। ওই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার শেষ হওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে।




















