জীবনতন্ত্রের অপেক্ষায় 🕊️
- আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কিংবা মৌলবাদী ধর্মমতের পাটাতনে পিষ্ট জনজীবন আজ বড়ই অতিষ্ঠ। ইতিহাসের তাম্রফলকে শাসনাদেশ খোদাই হয়, অথচ কে মানে জীবননীতি? গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র—সব তন্ত্রের ভিড়ে হারিয়ে যায় কি কেবল মানুষের বেঁচে থাকার সহজ অধিকার? নাকি সবকিছুর ঊর্ধ্বে প্রয়োজন কেবল একটি মানবিক জীবনতন্ত্র?
নিয়মিত অনিয়মের এই জীবনে ভীষণ বিষাদমাখা সুখ! একটা অলস দুপুর কিংবা না-ফুরোনো সন্ধ্যায় বসে আজও মেলানো হলো না বীজগণিতের সূত্রে জীবনের অঙ্ক। চারপাশে অস্থিরতা, অনিশ্চয়তা, সংঘাত আর অসহিষ্ণুতার দাপট। অথচ আমরা তো খুব বেশি কিছু চাই না! চাই একটি সুস্থ, সুন্দর, নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ সমাজ; যেখানে মতের অমিল মানেই সংঘাত নয়, ভিন্নমত মানেই শত্রুতা নয়, আর ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত বিপন্ন হবে না। চাই এমন এক স্থিতিশীল বাংলাদেশ, যেখানে মানুষ নিশ্চিন্তে বাঁচবে, স্বপ্ন দেখবে, নিজের আগামীটুকু নিজের মতো করে সাজাবে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অভিঘাতে সেই স্বপ্ন যেন বারবার বাস্তবতার কাছে মুখ থুবড়ে পড়ে।
সঞ্চিত সময়কে বুড়ো আঙুল দেখিয়ে ব্যয় করছি আয়ুরেখার সমস্ত পথ। সময়ের সঠিক ব্যবহার না করে, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব না কষেই ভাগ্যকে এনে ফেলেছি পাতালপুরীর নিম্নস্তরে। অথচ সময় কারও জন্য অপেক্ষা করে না, জীবনও নয়। প্রতিটি অনিশ্চিত দিন আমাদের আয়ু থেকে কিছুটা সময় কেড়ে নেয়, রেখে যায় অসংখ্য অপূর্ণতা ও না-বলা প্রশ্ন।
ঈশ্বর কোন কালিতে লেখেন নিয়তি? আর মানুষই বা কতটা স্বাধীন নিজের জীবনের অনিবার্য অঙ্ক মেলাতে?
এক-নয়-দুই শূন্য দুই ছয়🌿








