পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০৫:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার ওসি হাসান বাসির। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরির সময় পানির পাম্প বসানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘ঝামেলাটা বিহারি-বিহারিদের; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।
পুলিশ আরও জানায়, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০ থেকে ২৫০ জনের মধ্যে পালটাপালটি ধাওয়া হয়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, ‘তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে। কেউ আহত হয়েছে কি না— তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।’
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















